Sunday, September 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে মাথায় আঘাত করা, দুই পা ভাঙা যুবকের মরদেহ উদ্ধার

মধ্যরাতে ওই যুবককে গুরুতর আহত ও অচেতন অবস্থায় বংশালের রাস্তায় পড়ে থাকতে দেখেন এক পথচারী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

রাজধানীর বংশাল থেকে মাথায় আঘাত করা ও দুই পা ভাঙা অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের বয়স আনুমানিক ২৫ বছর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড় থেকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর হোসেন নামে এক পথচারী জানান, রাতে রিকশায় করে যাওয়ার সময় এক যুবককে গুরুতর আহত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারীরা জানান, ওই যুবকের দুটি পা ভাঙা ছিল। এছাড়া মাথার ডান পাশেও আঘাতের চিহ্ন ছিল। নিহতের পরনে ছিল কালো রঙের হাফ হাতা টি-শার্ট এবং গাঢ় লাল বা মেরুন রঙের ট্রাউজার।

তবে ওই যুবকের মৃত্যু কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি আত্মহত্যা এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, “নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

   

About

Popular Links

x