Friday, September 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউটার্ন নিতে গিয়ে চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু

সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মো. নাঈম (২৫) নামের এক বাসচালকের সহকারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাঈমকে হাসপাতালে নিয়ে আসা ইউনিক পরিবহনের সুপারভাইজার জাহিদ জানান, কুয়াকাটার উদ্দেশ্যে সায়েদাবাদ থেকে যাত্রা শুরু করা বাসটি জনপদ মোড় এলাকায় পৌঁছে ইউটার্ন নেওয়ার সময় হঠাৎ ছিটকে নিচে পড়ে যান নাঈম। দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ আরও জানান, নিহত নাঈম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ইউনিক পরিবহনের একটি বাসে চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, নাঈমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

   

About

Popular Links

x