কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে প্রবল স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন সীমান্ত নামের এক পর্যটক। একই সময় স্রোতে ভেসে যাওয়া তার আরও দুই বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গ্রিন নেচার হোটেল-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সীমান্তের বাড়ি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় বলে জানা গেছে।
জানা যায়, সীমান্ত গত বুধবার বন্ধুদের সঙ্গে বেড়াতে কক্সবাজারে আসেন এবং শহরের কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে ওঠেন। শুক্রবার বিকেলে তারা সৈকতে গোসল করতে নামলে হঠাৎ প্রবল স্রোতের টানে তিনজনই ভেসে যেতে শুরু করেন। এসময় সৈকতে দায়িত্বরত লাইফ গার্ড ও বিচকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দুজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাত দিয়ে বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুল আলম জানান, সন্ধ্যায় সীমান্তসহ তিন পর্যটক সমুদ্রে গোসল করতে নামার একপর্যায়ে স্রোতের টানে তলিয়ে যেতে থাকেন। খবর পেয়ে লাইফ গার্ড ও বিচকর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করলেও সীমান্তকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সীমান্ত সমুদ্রের পানিতে তলিয়ে যান এবং তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করতে সাগরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।



