ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সব ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই ট্রেনটি নতুন রুটে চলাচল শুরু করতে পারে। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা-কক্সবাজার রুটটি রেলওয়ের জন্য লাভজনক। বর্তমানে চলাচল করা ট্রেনগুলোতে আসন পূর্ণ থাকে এবং এ রুটে আরও টিকিটের চাহিদা রয়েছে। সেই চাহিদা বিবেচনায় ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ট্রেন বর্তমানে ঢাকার কমলাপুর স্টেশন থেকে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রামে পৌঁছায় দিবাগত রাত সাড়ে তিনটায়। কমলাপুর থেকে ছেড়ে আসার পর বিমানবন্দরসহ ১২টি স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি রয়েছে। এসব স্টেশনে যাত্রী ওঠানামার সুযোগ রয়েছে।
বিমানবন্দর ছাড়া জেলার নরসিংদী, কিশোরগঞ্জের ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা, কুমিল্লার কুমিল্লা, লাকসাম ও নাঙ্গলকোট, ফেনী এবং চট্টগ্রামের কুমিরা স্টেশনে মহানগর এক্সপ্রেস থামে। ফলে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি এসব স্টেশন থেকেও যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছে, কক্সবাজার পর্যন্ত মহানগর এক্সপ্রেস ট্রেন চালু হলে সময় সূচিতেও আনা হবে পরিবর্তন। ৭২১ ও ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে এবং ভোর ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি ট্রেনটি সকাল ৯টায় কক্সবাজার ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে।
এর আগে গত ১ আগস্ট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পরিদর্শনে এসেছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, যাত্রী চাহিদা বিবেচনায় ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে চার জোড়া ট্রেন কক্সবাজারে চলাচল করছে। যাত্রী চাহিদা বিবেচনায় এই সংখ্যা পাঁচ জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া বিরতিহীন আন্ত:নগর এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দুই জোড়া আন্ত:নগর ট্রেন প্রবাল ও সৈকত এক্সপ্রেস চলাচল করছে। এরমধ্যে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে রাত ১১টায় ছেড়ে কক্সবাজারে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। আর পর্যটক এক্সপ্রেস ঢাকার কমলাপুর থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে কক্সবাজারে পৌঁছায় বেলা ২টা ৪০ মিনিটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) শফিকুর রহমান জানান, মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী মাসে এ ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।



