Friday, September 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে চিকিৎসকের উপর স্বজনদের হামলা, ভাঙচুর

এ ঘটনা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে রাফি (৩) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ চারজনের ওপর হামলা চালিয়েছেন স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎসকের কক্ষেও ভাঙচুর চালানো হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা।

জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের তিন বছর বয়সী ছেলে রাফি সকালে পানিতে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই উত্তেজিত স্বজন ও স্থানীয় কিছু ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ শুরু করেন এবং হাসপাতালের ১১ নম্বর মেডিকেল অফিসারের কক্ষে ব্যাপক ভাঙচুর চালান।

এ ঘটনায় ডা. মোছা. রিয়াজুল জান্নাত ও উপসহকারী মেডিকেল অফিসার আব্দুস সামাদসহ মোট চারজন আহত হন। কিছুক্ষণের মধ্যেই হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

ওসি শহিদুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল বলে চিকিৎসক নিশ্চিত করার পরই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করা না গেলেও পরে ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা জানান, মৃত ঘোষণার সঙ্গে সঙ্গেই রোগীর সঙ্গে থাকা লোকজন হাসপাতালের একাধিক কর্মীর ওপর শারীরিকভাবে হামলা চালায়। এতে নারী মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, জরুরি বিভাগের অ্যাটেনডেন্ট ও একজন আনসার সদস্য আহত হন এবং জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হলেও হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়নি বলে জানান তিনি।

এদিকে ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপি নেতার ছেলে জড়িত থাকার অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন বলেন, “ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x