Friday, September 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ, চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু

ফরিদপুর কোতোয়ালি থানার বাঁখুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

ফরিদপুরে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নামার পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন শ্রমিক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর কোতোয়ালি থানার বাঁখুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন রাজমিস্ত্রি মো. শাওন হোসেন (২৪) ও দিনমজুর হৃদয় শেখ (২০)। শাওনের বাড়ি মধুখালী উপজেলায়, আর হৃদয়ের বাড়ি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোট গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল নয়টার দিকে মো. কাওসার মিয়ার নির্মাণাধীন ভবনের নতুন সেপটিক ট্যাংকের ছাদের বাঁশ খুলতে ভেতরে নামেন শাওন। কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে হৃদয়ও ট্যাংকের ভেতরে ঢোকেন এবং একইভাবে অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছিলেন।

স্থানীয় লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে সকাল ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান শাওন, আর রাত দেড়টার দিকে মৃত্যু হয় হৃদয়ের।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই খলিলুর রহমান জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে শাওনের মরদেহটি বুধবার, হৃদয়ের মরদেহটি বৃহস্পতিবার।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছেন, এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

   

About

Popular Links

x