Thursday, September 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাঙ্গায় জনসমক্ষে গুলির ঘটনায় অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার

এর আগে, ফরিদপুরের ভাঙ্গায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়েন গ্রেপ্তার যুবক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় জনসমক্ষে এক যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি .২২ বোর রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১, ঢাকার সহযোগিতায় ঢাকা থেকে মামলার আসামি হামিদুল গাজী এবং তার সঙ্গে থাকা নারী আরোহী ফাতেমা ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

পরে হামিদুলের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে একটি .২২ বোর রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুইজন ও উদ্ধার করা অস্ত্র বর্তমানে ভাঙ্গা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে হাজী বিরিয়ানি হাউজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মো. হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তি তার প্রাইভেটকার মহাসড়কের পাশে রেখে সিগারেট কিনতে গেলে এক অজ্ঞাত যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হামিদুলকে থাপ্পড় দেন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর হামিদুল গাড়িতে উঠে সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ওই যুবককে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় তার সঙ্গে গাড়িতে একজন নারী আরোহী ছিলেন।

এ ঘটনায় এসআই প্রশান্ত কুমার মণ্ডল বাদী হয়ে ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা করেন।

   

About

Popular Links

x