Friday, September 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধর্ষণচেষ্টার মামলা খারিজ, বাদী নারীই গেলেন কারাগারে

আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার এক ব্যবসায়ীর বিরুদ্ধে করা ধর্ষণচেষ্টার মামলা তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলাটি খারিজের পর তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ঝিনাইদহ সদরের বাসিন্দা বিউটি খাতুন ও স্থানীয় ব্যবসায়ী মিরাজ জামান রাজের মধ্যে। এই বিরোধের জেরে মিরাজকে ফাঁসাতে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন বিউটি খাতুন। পরবর্তী সময়ে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে মামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়, যার ভিত্তিতে গত ৯ জুলাই আদালত মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বিউটি খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ঝিনাইদহ সদর থানার এএসআই লিটন জানান, তদন্ত ও আইনি প্রক্রিয়ায় মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতে গতকাল রাতে বিউটি খাতুনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

   

About

Popular Links

x