ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন সিএনজি অটোরিকশাচালক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আঁখি (৩০), মো. জাকারিয়া (১২) ও সিএনজি অটোরিকশাচালক জুয়েল (৪০)। এদের মধ্যে আঁখি নিহত জাকারিয়ার খালা ছিলেন। নিহতরা সবাই টাঙ্গাইলের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, আনুমানিক দুপুর আড়াইটার দিকে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে সিএনজি অটোরিকশা ও অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, “সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। তাদের মধ্যে সিএনজি চালক ও দুইজন আরোহী ছিলেন।”



