মৌলভীবাজারের জুড়ীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো আমতৈল গ্রামের অনন্য দাস (৮) এবং শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকা থেকে বেড়াতে আসা তার খালাতো ভাই দুর্জয় দাস (৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমল দাসের মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পরিবারের সঙ্গে আমতৈল গ্রামে আসে দুর্জয়। পরদিন বুধবার দুপুরে অনন্য ও দুর্জয় বাড়ির পাশের নিলয় দাসের দোকানসংলগ্ন একটি জলাশয়ে বড়শি নিয়ে মাছ ধরতে যায়।
একপর্যায়ে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও পানিতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
দুপুরের দিকে স্থানীয় এক ব্যক্তি মাঠ থেকে ঘাস কাটতে যাওয়ার সময় জলাশয়ে দুই শিশুকে ভাসতে দেখেন। পরে তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করেন। এরপর তাদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



