Wednesday, September 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাজারীবাগে ফ্ল্যাট থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হাজারীবাগ থানার ৪/এ নম্বর রোডের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

রাজধানীর হাজারীবাগে একটি বাসা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাজারীবাগ থানার ৪/এ নম্বর রোডের জাহানারা মেনশনের ৯/৪ নম্বর বাসার পঞ্চম তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের খালাতো ভাই ইমতিয়াজ কামাল জানান, মঙ্গলবার রাত ১২টার দিকেও রাফসাদের সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। তখন রাফসাদ জানিয়েছিলেন, জিম শেষে তিনি একটি সেলুনে চুল কাটাতে গিয়েছেন এবং সেখান থেকে বিমানবন্দরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর বিমানবন্দরে যেতে পারেননি।

পরিবারের ধারণা, মঙ্গলবার রাত ১টা থেকে ৩টার মধ্যে বাসার একটি কক্ষে সবার অগোচরে ঘটনাটি ঘটে। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

ইমতিয়াজ কামাল আরও জানান, প্রায় এক বছর ধরে একটি মেয়ের সঙ্গে রাফসাদের সম্পর্ক ছিল, যদিও মেয়েটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে পরিবারের ধারণা।

জানা গেছে, রাফসাদ মোস্তফা রুহিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট ছিলেন; তার বড় ভাই মালয়েশিয়াপ্রবাসী। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায়। বর্তমানে তিনি হাজারীবাগের ঝিগাতলা এলাকার ওই বাসায় মায়ের সঙ্গে বসবাস করতেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক মো. শামীম মিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে বুধবার দুপুরে ওই বাসা থেকে রাফসাদের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, স্বজনদের প্রাথমিক তথ্যমতে সম্পর্কজনিত বিষয় এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

   

About

Popular Links

x