রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবনের ওপর থেকে পড়ে যাওয়া গ্যাস সিলিন্ডারের আঘাতে জালাল মিয়া (৫৩) নামের এক প্লাস্টিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে, কামরাঙ্গীরচরের নূরবাগ পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি গলিতে। ওই গলিতেই একটি মসজিদের সামনে জালাল মিয়ার নিজস্ব দোতলা বাড়ি। ঘটনার সময় তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পাশের একটি ভবনের কোনো এক ফ্লোর থেকে একটি গ্যাস সিলিন্ডার এসে পড়ে তার মাথায়। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী বিউটি আক্তার গণমাধ্যমকে ঘটনার এই বিবরণ দেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।



