বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রাফি দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকন ও লাকি বেগম দম্পতির ছেলে। বাবা-মায়ের বিচ্ছেদের পর সে দাদা-দাদির কাছে থাকত। রাফি দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেল থেকে রাফি নিখোঁজ ছিল। পরে পরিবারের পক্ষ থেকে শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের তিন দিন পর সোমবার সকালে বাড়ির পাশের খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মেরেলগঞ্জ-শরণখোলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, “এ ঘটনায় এক নারীসহ সন্দেহভাজন পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”



