Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দু'জন নিহত, নিয়মিত গেটম্যান না থাকার অভিযোগ

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা দু'জন নিহত হয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)। আবু তাহের পেশায় মুদি দোকানি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানিয়েছে, দুপুর দেড়টার দিকে আবু তাহের দোহাজারী থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি পূর্ব কাটগড় এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশাচালক আব্দুস শুক্কুর ও যাত্রী আবু তাহের নিহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। 

বিক্ষোভকারীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ ওই রেলক্রসিংয়ে নিয়মিত গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের রেললাইন পার হতে হচ্ছে। ফলে সেখানে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

দুর্ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ রেল পারাপারের ব্যবস্থা ও রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে এলাকাবাসী কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন আটকে দেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নুরুল আমিন নামে একজন বলেন, “গেটম্যান না থাকায় সাতকানিয়ার বিভিন্ন রেলক্রসিংয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত দুই মাসে এ ধরনের দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজকের দুর্ঘটনায় আরও দুজনের প্রাণহানি ঘটে।” 

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীক বলেন, “রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করা হয়েছে।”

   

About

Popular Links

x