রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট দূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র সাদিজ শাহরিয়ার সানম নরসিংদীর রায়পুর থানার মামুদপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবা মো. নাছির উদ্দিন অবসরপ্রাপ্ত এএসপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও নরসিংদী থেকে ১২ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের সীতার পাহাড় এলাকায় বেড়াতে আসে। রবিবার দুপুরে ঘোরাঘুরি শেষে তারা কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় গোসল করতে নামেন। একপর্যায়ে সাদিজ নদীর পানিতে নেমে নিখোঁজ হন।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। পরে রাঙ্গামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযানে যোগ দেয়। কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দল এবং কাপ্তাই থানা-পুলিশও উদ্ধারকাজে সহযোগিতা করে।
কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, “দুপুর দেড়টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। কর্ণফুলী নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছিল। পরে বিভিন্ন দলের সদস্যদের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়।”
তিনি বলেন, “বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদীর পানির নিচ থেকে সাদিজের মরদেহ উদ্ধার করা হয়।”
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল বলেন, “ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদী থেকে মরদেহ উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, “হাসপাতালে আনার আগেই সাদিজের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।”



