রাজধানীর বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন এক তরুণী বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি। পরে এ ঘটনায় বিকালে খিলগাঁও থানায় অভিযোগ করেন ওই ভুক্তভোগী।
এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে বনশ্রীর এফ ব্লকে এ ঘটনা ঘটে।
ওই তরুণীর অভিযোগ, গলির মাঝের একটি কাপড়ের দোকানের সামনে কয়েকটি কুকুরকে খাবার দিচ্ছিলেন তিনি। কুকুরগুলো দোকানের সিঁড়ির উপর ওঠে যাওয়ায় দোকানে থাকা ১২ বছরের একটি ছেলে প্রথমে তাকে সরতে বলেন। সরতে দেরি হলে দোকানের ভেতরে থাকা মালিকও চড়াও হন তার ওপর। এর মধ্যে ওই ছেলেটি তাকে খারাপ ভাষায় গালি দেয়।
প্রতিবাদ করলে ভেতর থেকে ২০ বছর বয়সী আরেক তরুণ এসে তার মুখে ঘুষি মারে। পরবর্তীতে আশপাশের আরও অন্তত ৫০ জন লোক জড়ো হয়ে কেউ হামলা করেন, কেউ মারধর আবার কেউ গালমন্দ করেন।
ভুক্তভোগীকে মারধরের বিষয়টি স্বীকার করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে এবং আগামীকাল উভয় পক্ষকে নিয়ে বসে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।



