Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রথম দফার পর আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রথম দফার রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন আজ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিলের পাশাপাশি জামিন চায়। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রবিবার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত দিকে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে হেফাজতে নেওয়া হয়। একই রাতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে মামলা করেন।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে আদালত গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর মাকসুদা বেগমকে কারাগারে পাঠানো হয়। গতকাল বুধবার মামলার তৃতীয় আসামি ওবায়দুর রহমানকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করে এসআরবি-২। পরে আদালতের মাধ্যমে তাকেও কারাগারে পাঠানো হয়।

   

About

Popular Links

x