Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওসমানী বিমানবন্দরে এয়ারগানের গুলিতে কর্মী আহত, আনসার সদস্যকে অপসারণ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ এএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়ানোর কাজে ব্যবহৃত এয়ারগানের গুলিতে এক পরিচ্ছন্নতা কর্মী আহত হওয়ার ঘটনায় দায়িত্বরত এক আনসার সদস্যকে অপসারণ করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আনসার সদস্য মোজাম্মেল হককে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। এদিন সকাল ১০টার দিকে ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রানওয়ে এলাকায় পাখি তাড়ানোর দায়িত্ব পালনের উদ্দেশ্যে আনসার সদস্য মো. মোজাম্মেল হক ও ক্লিনার মো. রুবেল মিয়া একটি গাড়িতে করে রওনা হন। পথে গাড়িতে থাকা অবস্থায় মোজাম্মেল এয়ারগানে সিসার কার্তুজ লোড করেন। পরে গাড়ি থেকে নামার সময় লোড করা এয়ারগানটি দরজার সঙ্গে ধাক্কা লেগে হঠাৎ ফায়ার হয়ে যায়। এতে সিসার কার্তুজটি গাড়ির সিট ভেদ করে সামনে বসে থাকা ক্লিনার রুবেল মিয়ার কোমরের বাঁ পাশে গিয়ে বিঁধে যায়।

ঘটনার পরপরই রুবেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, “গুলি লাগার ঘটনাটি ইচ্ছাকৃত নয়, বরং অসাবধানতাবশত ঘটেছে। পাখি তাড়ানোর জন্য গাড়ি থেকে নামার সময় দুর্ঘটনাক্রমে এয়ারগানটি ফায়ার হয়ে যায়।” তিনি আরও জানান, আহত কর্মী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

   

About

Popular Links

x