খুলনায় দাবি করা চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা মহানগরীর দু’টি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চালিয়েছে। তবে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে লবণচরা থানা এলাকার একটি তুষকাঠ মিল এবং চানাচুর কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েক দিন ধরে স্থানীয় সন্ত্রাসী বাহিনী প্রধান নুরাজিম লবণচরা থানা এলাকার হঠাৎ বাজারের তুষকাঠ মিলে চাঁদা দাবি করে আসছে। মালিকপক্ষ তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করে। এর ফলে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিল লক্ষ্য করে এক রাউন্ড গুলি করা হয়। ভোরে সকলে ঘুমিয়ে থাকার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্রটি আরও জানায়, লবণচরা থানার হঠাৎ বাজারের পাশে রয়েছে শামসুর রহমানের চানাচুর ফ্যাক্টরি। দীর্ঘদিন ধরে ওই একই সন্ত্রাসী বাহিনী তার কাছেও চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ওই বাহিনীর দুই সদস্য শুক্রবার ভোরে ফ্যাক্টরি লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররেফ হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করা হয়েছে। কেন এবং কি কারণে এ গুলির ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে। স্থানীয় লোকজন কেউ কোনো কথা বলছেন না। ফলে তদন্ত ধীরগতিতে চলছে। তবে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।”



খুলনায় চাঁদা না পেয়ে বাড়ির গেটে দুর্বৃত্তদের গুলি