শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
জানা গেছে, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯.৩৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রবিবার (৪ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনোসর দুই কর্মীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের 'ইকে০৫৮২' ফ্লাইটের রানওয়ে এলাকা থেকে দুই বিমানকর্মীকে তল্লাশি করা হয়।
পরে তাদের জুতার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।
বিমানকর্মীদের জুতায় স্বর্ণবার লুকিয়ে পাচারের এই ঘটনায় কারা জড়িত, চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।



