Tuesday, October 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডিএমপি কমিশনার: এবারের দুর্গোৎসব আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ‘অগ্নিপরীক্ষা’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভায় তিনি এসব কথা বলেন 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম

এবারের শারদীয় দুর্গোৎসবকে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। 

তিনি বলেছেন, “বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ের প্রথম হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এবারের এই উৎসব আমাদের জন্য অগ্নিপরীক্ষা।” 

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন। 

ঢাকার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে ডিএমপি ‘সর্বোচ্চ সতর্ক থেকে’ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তিনি। 

মোসলেহ্ উদ্দিন বলেন, ‘‘দুর্গাপূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সবসময় প্রস্তুত থাকবে।’’ 

ডিএমপি সদরদপ্তরের সভায় পূজা উদযাপন পরিষদ নেতাদের উদ্দেশ্যে কমিশনার মোসলেহ্ উদ্দিন বলেন, “নিজেদের পুজামণ্ডপের নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে সচেষ্ট থাকতে হবে। পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থী সবার ওপর নজর রাখতে হবে।” 

জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধও জানিয়েছেন তিনি। 

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

   

About

Popular Links

x