ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও ৫ জনের মৃত্যু এবং ১৯৩৫ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি অক্টোবর মাসের আটদিনেই প্রাণ গেছে ৪৯ জনের।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয় হাসপাতালে; প্রাণ যায় ১৪৮ জনের।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ২৩৩ জন।
এছাড়া দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৮২ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৫ জন, চট্টগ্রামে ২৮০ জন, খুলনায় ২৯২ জন, ময়মনসিংহে ৯৩, রাজশাহী ২০৬, রংপুরে ৬৪ এবং সিলেটে ১৫ জন ভর্তি হয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুসারে, এই ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৫৭ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জন। তাদের মধ্যে ৮৮ হাজার ২০৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।



