Friday, October 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোটরসাইকেলে নম্বরপ্লেট ব্যবহার নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

নির্ধারিত নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম

দেশের সব মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এজন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট না লাগালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের সামনে ও পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে। এ নিয়ম বাস্তবায়নে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। দুই ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো নকশা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না। সামনে নিবন্ধন নম্বর প্রদর্শনের উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করেছে বিআরটিএ।

গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত মাপ ও শর্ত মেনে ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট লাগানোর ব্যবস্থা নিতে মোটরসাইকেলের মালিকদের অনুরোধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

   

About

Popular Links

x