Monday, October 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাড়ি থেকে সরকারি লোগো সরিয়ে ফেললেন ইশরাক হোসেন

পদত্যাগের ঘোষণা দিতে যাওয়ার সময় তিনি এ কাজ করেন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম

নিজ হাতে সরকারি গাড়ি থেকে সরকারি লোগো ও স্টিকার খুলে ফেলেছেন ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে প্রেস ক্লাবে পদত্যাগের ঘোষণা দিতে যাওয়ার সময় তিনি এ কাজ করেন।

এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইশরাক। তিনি জানান, “দল চায়নি, নিজ থেকেই তিনি পদত্যাগ করছেন। বিশেষ কারণে তাকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানান তিনি। তবে মাদকের বিরুদ্ধে তার যুদ্ধ চলবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।“

শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশে একটি মাঠের কোণে পলিথিনের ছাউনির ঘরে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক ও তার সহযোগীরা। ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অস্ত্র হাতে মাদকাসক্ত ও বিক্রেতাদের তাড়া করছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।

সমালোচনার মুখে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, শনিবার ঘটনাস্থলে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রতিমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মাদক কারবারিরা ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণ করতে পারে, এমন আশঙ্কার কথাও জানানো হয়েছিল। এ অবস্থায় সুনির্দিষ্ট হামলার আশঙ্কা ও জানমালের নিরাপত্তায় তিনি এবং তার সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন বলে দাবি করা হয়।

এদিকে ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রবিবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইশরাককে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বলে খবর প্রকাশিত হয়। তবে ইশরাক হোসেন তখন সেই খবর অস্বীকার করেন। তবে আজ সকালে তিনি জানান, পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

   

About

Popular Links

x