ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে ষড়যন্ত্র ঠেকাতে সড়কে টহল দিচ্ছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বাইপাইল থেকে জিরাবো এলাকায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহনের নেতৃত্বে অর্ধ
শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল যোগে ও হেঁটে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেন।
পরে আশুলিয়ার নিশ্চিন্তপুর দেওয়ান সিএনজি পাম্পের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন বলেন, “জনগণের ভোটে বিএনপি সরকার যখন ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগের কর্মীরা নানাভাবে ষড়যন্ত্র, চক্রান্ত করছে, এখন যেহেতু তারা একটা সুযোগ পেয়েছে। আমরাও শ্রমিকদের পক্ষে, আমরা মনে করি, আমাদের সরকার তাদের ন্যায্য দাবি পূরণ করবে। কিন্তু কোনো রকম কোনো বিশৃঙ্খলা, কোনোরকম অস্থিতিশীলতা, বিএনপি সরকার বরদাস্ত করবে না।
তিনি বলেন, “আমরা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সংগঠনের সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশে আমরা সকাল থেকে এখন পর্যন্ত রাস্তায় আছি। প্রত্যেকটা কারখানার সামনে আমরা আছি, কোনোরকম বিশৃঙ্খলা যাতে কেউ না করতে পারে।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করি। কিন্তু তারা তাদের ন্যায্য দাবি করবে। তাদের প্রশাসনের কাছে তুলে ধরবে। তাদের সঙ্কট হচ্ছে। জিনিসপত্রের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আপনারা ন্যায্য দাবি মেনে নেন। সেটা সরকার ও মালিকপক্ষ সমন্বয় করবে। শ্রমিকদের সেই দাবি বিবেচনা করবে। কিন্তু কোনোরকম চক্রান্ত, কোনো অস্থিতিশীলতা মেনে নেবে না। আমরা রাস্তায় আছি। যতক্ষণ ষড়যন্ত্র চলবে, আমরা রাস্তায় থাকবো।”



