Wednesday, November 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এনসিপি’র গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করলো পুলিশ

 নিহত শ্রমিক তৌফিক শেখের (২২) আত্মার মাগফেরাত কামনায় এনসিপি'র পূর্ব ঘোষিত গায়েবানা জানাজার প্রস্তুতি চলছিল

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক শেখের (২২) গায়েবানা জানাজার প্রস্তুতি নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই সময় সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এতে তাদের বিভিন্ন ইউনিটের ২০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তৌফিক শেখ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির ছেলে। 

তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় লায়লা স্টাইলস লিমিটেড পোশাক করাখানায় কাটিং সেকশনের জুনিয়র লে-ম্যান হিসেবে চাকরি করতেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাসির খান বলেন, গায়েবানা জানাজায় পুলিশের হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে।

আহতরা হলেন, জাতীয় শ্রমিক শক্তির আহবায়ক মাজহার ফকির, গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আবুল কাশের মাস্টার, জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্য সচিব শেখ রায়হান, গাজীপুর মহানগর যুব শক্তির মুখ্য সংগঠক জিল্লুর রহমান, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শেখ সাহানা ও যুব শক্তির কোনাবাড়ি থানার মুখ্য সংগঠক রকিবুল ইসলাম জয়, কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য আকরাম হোসেন, কোনাবাড়ি থানা যুবশক্তির সদস্য সচিব জামান ঢালিসহ ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে। তারা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত বাংলাবাজার এলাকার লায়লা স্টাইলস লিমিটেড পোশাক করাখানায় কাটিং সেকশনের জুনিয়র লে-ম্যান তৌফিক শেখ রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ওই শ্রমিকের আত্মার মাগফেরাত কামনায় এনসিপি'র পূর্ব ঘোষিত গায়েবানা জানাজার প্রস্তুতি চলছিল। জানাজার আগে এনসিপি ও শ্রমিক শক্তির বেশ কয়েকজন নেতার বক্তব্য শেষ হলে দলের কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে তারা গায়েবানা জানাজা করতে চাইলে পুলিশ বাধা প্রদান করে। পুলিশের বাধা উপেক্ষা করে এনসিপিরা নেতাকর্মীরা গায়েবানা জানাজা পড়তে চাইলে পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জাতীয় নাগরিক পার্টিন (এনসিপি) কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, “পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে। আমরা পোশাক শ্রমিক তৌহিদ শেখ হত্যার বিচার দাবি করছি এবং তার রূহের মাগফেরাত কামনায় গায়েবি জানাজার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সাথে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাই। আমাদের গায়েবানা জানাজা পড়তে না দিয়ে হামলা করা হয়েছে।”

   

About

Popular Links

x