রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০টি ককটেল, ৪১টি মশাল তৈরির লাঠি এবং দুই লিটার কেরোসিন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে মিরপুর মডেল থানা ও ঢাকা মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত ১২টা ১০ মিনিটের দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়ায় আনসার ক্যাম্পসংলগ্ন তানিম ভবনের সামনে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকার খবর আসে। বিষয়টি জানতে পেরে মিরপুর মডেল থানার একজন উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থলে যান। পরে থানার ওসিসহ অন্য পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে ককটেলসদৃশ বস্তু ও মশাল লাঠি দেখতে পান। এরপর ঘটনাস্থলে এসআরইউর সদস্যদের ডাকা হয়।
রাত ১টা ৪৫ মিনিটে এসআরইউর দল সেখানে পৌঁছে তল্লাশি শুরু করে। তল্লাশিতে তিনটি কাগজের ব্যাগে ১৫টি ককটেল পাওয়া যায়। এছাড়া সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। একটি বাজারের ব্যাগে দুটি বোতলে রাখা প্রায় দুই লিটার কেরোসিন, ৪১টি মশাল লাঠি এবং জড়ো করে রাখা নরম ককশিটও পাওয়া যায়।
উদ্ধার করা ককটেলগুলো পরে কল্যাণপুরের হাক্কানী গলির কাছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি নির্মাণাধীন ভবনের খোলা স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে গর্ত খুঁড়ে বিশেষ ব্যবস্থায় সেগুলো ধ্বংস করা হয়। রাত ২টা ২০ মিনিটে দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বিপুল পরিমাণ এসব সরঞ্জাম কে বা কারা সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



