গাজীপুরের শিল্পাঞ্চলে বেশিরভাগ শ্রমিককেই কাজে ফিরতে দেখা গেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই বেশিরভাগ কারখানা খুলে দেওয়া হয়েছে। বেশ কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোড়, জরুন, কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ী, শিরিরচালা, নতুন বাজার, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী, আসপাডা মোড়, টঙ্গী, এলাকায় শ্রমিকরা সারিবদ্ধভাবে কাজে যোগ দিতে দেখা যায়।
এসময় পুলিশের নজরদারি দেখা গেছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকালের দিনভর শ্রমিক বিক্ষোভে প্রায় ৭০% পোশাক কারখানা দুপুরের দিকে ছুটি দিয়েছিল কর্তৃপক্ষ। তবে কিছু কারখানায় কার্যক্রম চললেও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
গাজীপুর শিল্পাঞ্চলে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ ও আন্দোলন করে। শ্রমিকরা বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। মহানগরীর ভোগড়া বাইপাস এবং শ্রীপুরের ২নং সিএন্ডবি ও আপাডা এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।
সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ, শ্রমিক ও সাংবাদিকসহ অনেকই আহত হন। বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে জেলার ৭০ টি কারখানায় ওই দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।
বিভিন্ন পোশাক কারখানা সামনে ও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা গেছে। এ সময় শ্রমিকদের স্বতঃষ্ফুর্তভাবে কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। পাশাপাশি ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গতকাল ছুটি ঘোষণা করা অনেক কারখানায় আজ উৎপাদন চলছে। শ্রমিকদের মধ্যেও স্বস্তি দেখা গেছে। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানার উৎপাদন কাজে যোগ দিয়েছে। সকাল থেকে কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি ও আনসার সদস্যরা কাজ করবেন।



