ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে নিজেই জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে তিনি নিজের অসুস্থতার কথা জানান।
টকশোতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যান্সার হয়েছে।” নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে বলেও জানান তিনি।
একই আলোচনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নানা মন্তব্য করেন তিনি।
আইভীর প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, আইভী জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও কারাভোগ করেছেন। মেয়র হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি বা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে তিনি বলেন, “একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।” তার ভাষ্য, সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে এবং বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন শামীম ওসমান। তার মন্তব্য, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে। এ সময় নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনার কথাও তুলে ধরেন তিনি। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন দেশ থেকে পালিয়ে যাওয়া শামীম ওসমান।



