তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের কনস্টেবলকে হত্যা

একই ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌঁড়ে প্রাণে রক্ষা পেয়েছেন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে গিয়ে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। একই ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌঁড়ে প্রাণে রক্ষা পেয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) রাতে কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৩২) সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০ টার দিকে ফতুল্লার  কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান। এসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ করে তাদের ওপর হামলা চালায়। এলোপাতারি কুপিয়ে ও ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। এতে কনস্টেবল আনোয়ার মারা যায়। আর তার সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার ঘটনাস্থাল থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে কনস্টেবল আনোয়ার দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।”

নারায়ণগঞ্জের  অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “সাদা পোশাকে তথ্য সংগ্রহে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার নিহত হন।”

তিনি আরও বলেন, “এই এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আগেও পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। তাছাড়া এ ঘটনার পেছনে কোন মাদক চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”