জয়সওয়াল: শেখ হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

“কোনো নাগরিকের ভ্রমণ নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা,” বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আবার বলেছেন, “ঢাকা থেকে আসা প্রত্যর্পণের অনুরোধটি ভারত প্রচলিত নিয়ম অনুযায়ী খতিয়ে দেখছে৷”

তবে তিনি বলেন, ‘‘কোনো নাগরিকের ভ্রমণ নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা।''

ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে নির্বাসনে থাকা শেখ হাসিনার পক্ষ থেকে গতকাল রয়টার্স ও এপিকে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানানো হয়৷ তবে বাংলাদেশ সরকার আবার জানিয়েছে, তাকে কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব৷

২০২৪ সালের আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন।

দেশে ফেরার জন্য চলতি মাসেই তিনি দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন৷ কিন্তু বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের এক রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রীর সে আবেদন মঞ্জুর হয়নি।