চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৩তম বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনের জন্য মিলিটারি একাডেমিতে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে আরও উপস্থিত আছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পৌঁছান
রাষ্ট্রপতি প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধের জন্য নয়, শান্তি প্রতিষ্ঠার জন্য।” এ সময় শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীকে সদা-প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী দেশ। তোমরা মনে সাহস রেখে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে এবং নিজেদের প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলবে।”
তিনি আরও বলেন, “তোমাদের মনে রাখতে হবে, তোমরা এ দেশের সন্তান; জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই তোমাদের সবাইকে সাধারণ মানুষের সুখ-দুঃখ ও হাসি-কান্নার সমান অংশীদার হতে হবে। সুযোগ্য নেতৃত্ব, সার্বিক দিক-নির্দেশনা, পেশাদারিত্ব, দেশপ্রেম ও আন্তরিকতার মাধ্যমে তোমাদের দেশের সেবা করে যেতে হবে। দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই তোমাদের পেশাগত জীবনের প্রধান ব্রত।”



