পর পর চার মাস কমানোর বাড়লো বিমানের জ্বালানির দাম। লিটারে ৬ টাকা করে বাড়ানো হয়েছে বিমানের জ্বালানির দাম।
অভ্যন্তরীণ গন্তব্যের জন্য বিমানের জ্বালানির দাম লিটার প্রতি ১১২ টাকা থেকে ৬ টাকা বাড়িয়ে ১১৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৮৫ সেন্ট থেকে ৫ সেন্ট বাড়িয়ে ৯০ সেন্ট করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে এই দাম কার্যকর হবে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সবশেষ ২০ জানুয়ারি জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ গন্তব্যের জন্য ১১২ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল।
এর আগে গত সেপ্টেম্বরে জেট ফুয়েলের লিটার প্রতি দাম ছিল ১২৫ টাকা। অক্টোবরে এসে তা ৫ টাকা বেড়ে হয় ১৩০ টাকা, নভেম্বরে তা আরও ৫ টাকা কমিয়ে ১২৫ টাকা, ডিসেম্বরে আরও কমিয়ে হয় ১২১ টাকা, আর জানুয়ারিতে আরও কিছুটা কমিয়ে ১১২ টাকা করা হয়েছিল।
প্রসঙ্গত, প্রতি মাসেই বিপিসি আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে।



