বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরেকটু বেশি হলে উপকার হতো বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, “চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরের (২০২৩-২৪) স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। তবে মানুষের স্বাস্থ্যসেবার পরিধি বাড়ায়- এই খাতে বাজেট আরেকটু বেশি হলে উপকার হতো।”
রবিবার (৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নবনির্মিত আইসিইউ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৫২ কোটি টাকা, যা মোট বাজেটের ৫%। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয় ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। যা মোট বাজেটের ৫.৪%। স্বাস্থ্যসেবার যে পরিধি বেড়েছে, সে অনুযায়ী বরাদ্দ আরও কিছুটা বাড়ানো প্রয়োজন ছিল।”
জাহিদ মালেক বলেন, “চিনির ওপর ট্যাক্স বাড়ানো হলেও মিষ্টির দাম কমানো হয়েছে। তাই মিষ্টি খেয়ে ডায়াবেটিস বানানো (আক্রান্ত হওয়া) যাবে না। অপরদিকে তামাকজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে, যাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গণি মোল্লাহ প্রমুখ।



