স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) তার হৃদ্যন্ত্রে রিং বা স্টেন্ট বসানোর কথা রয়েছে।
পরিবারের এক সদস্য জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। এতে তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তার এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। মন্ত্রীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাঁর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সরদার মো. সাখাওয়াত হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নরসিংদী-১ আসনের সংসদ সদস্য।



