Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এনআইডি সার্ভার জটিলতা: সিম বিক্রি, পাসপোর্ট সেবা বিঘ্নিত

১৮ জুন সন্ধ্যা থেকে সার্ভারে ঢুকতে সমস্যা হচ্ছে। এই সমস্যা ১৮ ঘণ্টা ধরে চলছে

আপডেট : ২০ জুন ২০২৩, ০৭:৪৩ পিএম

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের জটিলতায় মোবাইল সিম নিবন্ধন, পাসপোর্ট যাচাই কার্যক্রমসহ বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটছে।

সোমবার (১৯ জুন) এ নিয়ে এনআইডি অনুবিভাগকে চিঠিও দিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

চিঠিতে বলা হয়েছে, “মোবাইল ফোন অপারেটরগুলো নির্বাচন কমিশনের সার্ভারের সঙ্গে ২৪ ঘণ্টা সংযুক্ত থাকে। কিন্তু ১৮ জুন সন্ধ্যা থেকে সার্ভারে ঢুকতে সমস্যা হচ্ছে। এই সমস্যা ১৮ ঘণ্টা ধরে চলছে। ২০ জুন সন্ধ্যা পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। গত কয়েক মাস ধরেই মাঝে মাঝে এমন সমস্যা হচ্ছে।”

জানা গেছে, সার্ভার বিভ্রাটের কারণে সিম চালু, সিম রিপ্লেসমেন্ট, এমএনপি, মালিকানা বদল, রোমিং সেবা, সিমের রেজিট্রেশন বাতিল, সিম বন্ধ করা, প্রি-পেইড থেকে পোস্ট-পেইডে মাইগ্রেশন ইত্যাদি সেবা অপারেটররা দিতে পারছে না।

এ বিষয়ে অ্যামটব মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “এনআইডি সার্ভারের জটিলতায় বায়োমেট্রিক সংক্রান্ত সেবা দিতে সমস্যা হচ্ছে। নির্বাচন কমিশনের সচিবকে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য বলা হয়েছে।”

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “আমাদের সার্ভার ঠিক আছে, তবে জাতীয় পরিচয়পত্রের সার্ভার স্লো থাকায় কাজ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।”

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) পরিচালক (অপারেশন) ইউনুস আলী বলেন, “আমাদের মূল সার্ভারে কোনো সমস্যা হচ্ছে না। এনআইডি কারেকশন, ডাউনলোড সবই করা যাচ্ছে। তবে এর বাইরে সার্ভার ডাউন আছে কি-না বা অন্য কোনো সমস্যা হচ্ছে কি-না, তা আইটি বিভাগ বলতে পারবে।”

জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। তবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বায়োমেট্রিক ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা গত দুদিন ধরে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

   

About

Popular Links

x