Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাড়িতে আসবে জনশুমারিকর্মী, জেনে নিন কীভাবে চিনবেন-কী তথ্য দেবেন

দেশে ১১ বছর পর দেশে আবার জনশুমারি শুরু হয়েছে। শুমারি কাজে ৪৫ ধরনের তথ্য লিপিবদ্ধ করা হবে

আপডেট : ১৫ জুন ২০২২, ০৮:১২ পিএম

দেশে ১১ বছর পর দেশে আবার জনশুমারি শুরু হয়েছে। শুমারি কাজে ৪৫ ধরনের তথ্য লিপিবদ্ধ করা হবে। বুধবার (১৫ জুন) শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২১ জুন পর্যন্ত। এ সময়ে কেউ শুমারি থেকে বাদ পড়লে পরে নাম অন্তর্ভুক্তের সুযোগ আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুষ্কৃতকারীরা কোনো সুযোগ নিয়ে যেন ক্ষতি করতে না পারেন এ জন্য গণনাকারীদের “জনশুমারি ও গৃহগণনা ২০২২” লেখা সম্বলিত বিশেষ জ্যাকেট দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের ছবি পার্শ্ববর্তী থানায় ও সোসাইটির প্রধানের কাছে সংরক্ষিত আছে। কাজ শুরু করা গণনাকারীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন। তার মধ্যে সহজে কেউ তথ্য দিতে চাচ্ছেন না। অনেকে অবিশ্বাস করে পরে আসতে বলছেন। ফলে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গণনাকারীর কাছে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনে থেকে এক র‌্যালি বের করে বিবিএস। র‌্যালি শেষ হয় বিজ্ঞান জাদুঘরের সামনে। পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

দেশে এ পর্যন্ত পাঁচবার জনশুমারি হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে। তবে এবারের ষষ্ঠ শুমারি করা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। এবারের শুমারির প্রতিপাদ্য “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন”। 

যেসব তথ্য দিতে হবে

বাসার ধরন কী? বাসা কি সিমেন্ট/কংক্রিট/ইটের তৈরি; মাটি/বালু/কাদার তৈরি কিনা? অন্য উপকরণ ব্যবহার করা হয়েছে কি-না; তৈরি কি-না। বস্তিতে থাকলে ভাসমান নাকি ছিন্নমূল; বাসায় মালিকানা প্রভৃতি।

খাবার পানির প্রধান উৎস; পয়োনিষ্কাশনের ধরন; খানায় বিদ্যুৎ সুবিধার উৎস; রান্নার জ্বালানির উৎসও জানতে চাওয়া হবে।

পরিবারের সদস্য সংখ্যা, বয়স, বৈবাহিক অবস্থা, খানাপ্রধান নারী নাকি পুরুষ, ধর্ম, বাসায় প্রতিবন্ধী আছে কিনা, পড়তে বা লিখতে পারেন কিনা, শিক্ষাগত যোগ্যতা, কী ধরনের কাজ করেন, নিজস্ব ব্যবহারের মোবাইলের ধরন জানতে চাওয়া হবে। আপনি গত তিন মাসে একবারও ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো ব্যবহার করেছেন কিনা, সেটিও জানতে চাইবে গণনাকারী।

ব্যাংক, বিমা, ডাকঘরে কোনো সঞ্চয় অ্যাকাউন্ট আছে কিনা, মোবাইল সেবা বিকাশ, নগদ রকেট অ্যাকাউন্টের তথ্য চাওয়া হবে। খানার কোনো সদস্য বিদেশ থাকেন কিনা কিংবা গত দুই বছরে খানায় বৈদেশিক রেমিট্যান্স এসেছে কিনা, সে প্রশ্নও করা হবে। 

ষষ্ঠ জনশুমারি শুরু হয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে। ঢাকাসহ দেশের বড় শহরে ভাসমান মানুষকে গণনায় আনার মাধ্যমে জনশুমারি কাজ শুরু হয়েছে।

২০১১ সালের সর্বশেষ আদমশুমারিতে দেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৮ লাখ। ২০০১ সালের আদমশুমারিতে ছিল ১৩ কোটি ৫ লাখ। ১৯৯১ সালে জনসংখ্যা ছিল ১১ কোটি ১৫ লাখ, ১৯৮১ সালের আদমশুমারিতে ছিল ৮ কোটি ৯৯ লাখ এবং ১৯৭৪ সালের প্রথম আদমশুমারিতে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ।

২১ জুনের মধ্যে কেউ শুমারির আওতায় না এলে জেলার পরিসংখ্যান কার্যালয়ে নাম অন্তর্ভুক্ত করা যাবে। এছাড়া জনশুমারি–সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কিংবা গণনায় অন্তর্ভুক্তের জন্য ০৯৬০২৯৯৮৮৭৭ কল সেন্টারের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

   

About

Popular Links

x