কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয় ট্রাক। এতে পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।



