বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, “বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের দেশেও গ্যাস সংকট দেখা দিয়েছে। সে কারণে শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। তবে এটি সাময়িক সমস্যা; আগামী জানুয়ারি মাসে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি।”
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সিরামিক এক্সপো বাংলাদেশ-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “শিল্প-কারখানা ও ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীরা বর্তমানে যেসব সমস্যা মোকাবিলা করছে, তার সমাধানের লক্ষ্যে শিগগিরই একটি সভা করবো। সেখানে সব ব্যবসায়ীরা থাকবেন। আমরা চাই-সমস্যাগুলো চিহ্নিত করে তার একটা খসড়া প্রধানমন্ত্রীর কাছে দিতে। সরকার সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করবে।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করছে। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।”
টিপু মুনশি বলেন, “সিরামিক শিল্প বাংলাদেশের সম্ভাবনাময় একটি খাত। দেশে উৎপাদিত হওয়া সিরামিক পণ্য চাহিদার ৮৫% পূরণ করছে। ৫০টি দেশে এক বিলিয়ন মার্কিন ডলারের পরিমাণ সিরামিক পণ্য রপ্তানি হচ্ছে। সিরামিক পণ্যের উৎপাদন ও রপ্তানি যাতে আরও বাড়ানো যায়, সেলক্ষ্যে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা করা হবে।”
বিসিএমইএ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, “দেশে ইতোমধ্যে সিরামিক, টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যারের ৭০টিরও বেশি শিল্প-কারখানা প্রতিষ্ঠিত। স্থানীয় বাজারে বিক্রির পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকা। গত দশ বছরে সিরামিক খাতে উৎপাদন বেড়েছে ২০০% এবং বিনিয়োগ বেড়েছে প্রায় ২০%।
তিনি জানান, বর্তমানে এই খাতে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এবার দিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় সিরামিক এক্সপো হচ্ছে।
এতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিসিএমইএ মহাসচিব ইরফান উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বিসিএমইএ আয়োজিত তিন দিনব্যাপী এশিয়ার অন্যতম এই সিরামিক মেলায় বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশের ১২০ প্রতিষ্ঠান ১৫০টি ব্র্যান্ড নিয়ে অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের জন্য এক্সপো উন্মুক্ত থাকবে।



