চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিটের প্যানেল ছিনতাইয়ের অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে বোয়ালখালী থানায় মামলা করেন কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার প্রভাষক সজল দাশ।
অভিযুক্ত নির্মলেন্দু দে সুমন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৯নং ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ দে''র ছেলে।
এর আগে বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তবে দিনভর কোনো ভোটারের উপস্থিতি ছিল না। প্রায় সব কেন্দ্রই ছিল ফাঁকা।
এরই মধ্যে দুপুরের দিকে শ্রীপুর-খরদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৫ নম্বর কক্ষে ঢুকে ইভিএম ব্যালট ইউনিটের প্যানেল নিয়ে যায় সুমন।
সহকারী প্রিজাইডিং অফিসার হারুনুর রশিদ প্রতিবাদ করলেও তাতে কর্ণপাত করেননি যুবলীগ নেতা।
পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী ইভিএম ব্যালট ইউনিট প্যানেল উদ্ধার করে কেন্দ্রে ফিরিয়ে দেন।
এ ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রতনকে আটক করে পরে ছেড়ে দেয়।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, প্রিজাইডিং অফিসারের দায়েরকৃত মামলাটি রুজু করা হয়েছে। এবিষয়ে তদন্ত চলছে।



