শিক্ষার্থীদের অবাধ চলাফেরা কোনোভাবেই সমর্থন করতে পারবেন না বলে জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, “সবচেয়ে দুঃখজনক বিষয়, এখানে ওপেন কালচার ছিল, ছেলেমেয়েরা যা খুশি, তাই করতে পারত। কেউ কিছু বলতে পারত না। কারণ, তাদের বয়স ১৮ বছর। কিন্তু আমি বলেছি, সাড়ে ১০টার মধ্যে হলে ঢুকতে হবে। তারা (শিক্ষার্থী) এটার নাম দিয়েছে তালেবানি কালচার। তালেবানি কালচার নিয়ে আমি খুবই গৌরবান্বিত, এটা নিয়ে থাকতে চাই। আমি ওপেন কালচার চাই না।”
বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আয়োজিত তথ্য অধিকারবিষয়ক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “আপনারা চান কিনা, আমি জানি না। আমি চাই না, আমার ছেলেমেয়েরা, সন্তানেরা...ঘুরে বেড়াক। তাদের বাবা-মায়েরা সারা রাত ঘুরে বেড়ানোর জন্য পাঠাননি। বাবা-মায়েরা কিন্তু উৎকণ্ঠার মধ্যে থাকেন, টেনশনে থাকেন; আমার মেয়ে কোথায় আছে, ছেলে কোথায় আছে। সে জন্য তাদের দায়িত্ব আমরা নিয়েছি। আমরা তাদের গার্ডিয়ান, আমরা তাদের হেফাজতকারী। আমরা কিন্তু ওই জিনিসটা অ্যালাউ করব না, কোনোভাবেই করব না।”
সেমিনারে মূল আলোচকের বক্তব্য দেন ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপপরিচালক মো. আবদুল মান্নান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাসে শাবিপ্রবি শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে। পরে আন্দোলনে পুলিশ দিয়ে হামলা চালানো হলে সেটি সারাদেশে ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী আহত হন। সেসময় লেখক জাফর ইকবাল ছাত্রদের অনশন ভাঙান। তিনি শিক্ষার্থীদের দাবি দাওয়া্ পূরণের আশ্বাস দিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে সেইসব আশ্বাস আর পূরণ হয়নি। বরং বিশ্ববিদ্যালয়ে আরও বেশি ভয়ের রাজত্ব তৈরি করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে একটি ভয়ের বাতাবরণ তৈরি করেছে। আন্দোলনে ও অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজে হয়রানি করা হচ্ছে।
সম্প্রতি শিক্ষার্থীদের ক্যাম্পাসে চলাফেরা সীমিত করা নিয়ে আবার সমালোচনা তৈরি হয়েছে। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে এবার এই মন্তব্য করলেন তিনি।



শাবি উপাচার্য অবরুদ্ধ
শাবি উপাচার্যকে ক্ষমা চাইতে বললেন জাবির ছাত্রীরা
শাবি উপাচার্যকে খাবার দিতে গিয়ে ব্যর্থ প্রক্টোরিয়াল টিম
‘মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছেন শাবি উপাচার্য’