জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাবির নারী শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবম ব্যাচ থেকে ৪৯তম ব্যাচ পর্যন্ত ৫০৪ জন ছাত্রীর সই করা বিবৃতিতে এ কথা জানানো হয়। এ সময় শাবি উপাচার্যের পদত্যাগেরও আহ্বান জানান তারা।
এর আগে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাবি উপাচার্যের “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সহজে কেউ বউ হিসেবে নিতে চায় না” এমন একটি বক্তব্যের অডিও ক্লিপ ছড়িয়ে পড়লে এর প্রতিবাদ করে ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ পৃথক দুটি বিবৃতিতে এমন মন্তব্যের নিন্দা জানিয়ে, ফরিদ উদ্দিন আহমেদকে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
এ সময় জাবি নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, স্বাধীনতার ৫০ বছর পরেও একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এমন নারীবিদ্বেষী ব্যক্তি থাকা মানে তা রাষ্ট্রের ব্যর্থতা। শাবি উপাচার্য শুধু জাহাঙ্গীরনগরের ছাত্রীদের নয়, বরং বাংলাদেশের সব নারীর জন্য অপমানজনক কথা বলেছেন।
তারা অনতিবিলম্বে ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ এবং তার আপত্তিকর বক্তব্যের জন্য জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান।
এদিকে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বৃহস্পতিবার রাতে সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্যকে “অবমাননাকর ও কুরুচিপূর্ণ” বলে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।



