তিন দিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন।
সোমবার (৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা ও সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে কাবা শরিফের চারদিক “তাওয়াফ” এবং “সাফা-মারওয়া” সায়ী করেন। পবিত্র মসজিদে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি দেশ ও জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সফরসঙ্গী অন্য সদস্যরাও ওমরাহ পালন করেন।
তার আগে প্রধানমন্ত্রী পবিত্র মসজিদ মসজিদুল হারামে জামায়াতের ফজরের নামাজ আদায় করেন।
প্রধানমন্ত্রী বিমানযোগে মদিনা থেকে জেদ্দায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মক্কায় যান।
ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে রবিবার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব জেদ্দায় ৬-৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করেছে।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করবেন।
শেখ হাসিনা ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। আগামী ৮ নভেম্বর সকাল ৮টায় বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।



