Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভোট ৭ জানুয়ারি

  • সিইসি এ ঘোষণা দেন
  • ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি (রবিবার)।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ওই দিন সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। সেদিন থেকেই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। প্রচারণার জন্য ২২ দিন সময় রয়েছে।

নির্বাচনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

সারা দেশে ভোটকেন্দ্রের খসড়াও প্রস্তুত করা আছে। খসড়া অনুযায়ী এবার ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এতে ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬০ হাজারের মতো। প্রায় ৫% এর মতো ভোটকেন্দ্র এবার বাড়ছে।

একাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ১৮৩টি। আর ভোট কক্ষ ছিল ২ লাখ ৭ হাজার ৩১৯টি। বিধান অনুযায়ী তফসিলের পর রিটার্নিং কর্মকর্তা ভোটকেন্দ্র চূড়ান্ত করবেন। স্বচ্ছ ব্যালট বাক্স, মার্কিং সিলসহ প্রয়োজনীয় সব ধরনের সিল ছোট-বড় চটের বস্তা ও নির্বাচনের অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের বেশির ভাগ ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে।

সিইসি জানান, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুবিধাযুক্ত এবং প্রার্থী, ভোটারদের জন্য নানা ধরনের সুবিধাযুক্ত দুটি অ্যাপ উদ্বোধন করা হয়েছে। তফসিল ঘোষণার পর কখন কোন কাজটি করা হবে, তাও চূড়ান্ত করা আছে। ভোটার তালিকার সিডি, মনোনয়ন ফরম ও নির্বাচন পরিচালনা ম্যানুয়াল (নির্দেশিকা) ছাপানোর সম্পন্ন হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগে চাপ সৃষ্টি ও নির্দলীয় প্রশাসনের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে এই ঘোষণা এলো।

তফসিল ঘোষণার আগে বিকেল ৫টার দিকে ইসি কার্যালয়ে তফসিল চূড়ান্ত করতে অন্য সব নির্বাচন কমিশনারদের নিয়ে ২৬তম ইসির বৈঠক ডাকেন সিইসি।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। 

এর আগে, প্রধান নির্বাচন কমিশনাররা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য নির্বাচনী তফসিলের রেকর্ড করা ভাষণ প্রচার করতেন।

এদিকে এ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর নির্বাচন ভবন ও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইসি ভবনের সামনে পুলিশ ছাড়াও র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ভবনের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচন কমিশন তার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

   

About

Popular Links

x