Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বামী বিদেশ, পারিবারিক কলহে শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা গৃহবধূর

আড়াইমাস আগে আইরিন আক্তারের সঙ্গে বিয়ে হয় রাসেল বিশ্বাসের। ৯ দিন আগে তিনি বিদেশে চলে যান। বিয়ের পর থেকেই শাশুড়ি-বউয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১২:৪০ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগে আইরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার জামসা ইউনিয়নের মাটিকাটা গ্রামে শাশুড়ি তহুরা বেগমকে (৫০) ছুরিকাঘাতে হত্যা করেন আইরিন; এ সময় তার শ্বশুর সোনামুদ্দিন বিশ্বাস আহত হয়েছেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আড়াইমাস আগে আইরিন আক্তারের সঙ্গে বিয়ে হয় রাসেল বিশ্বাসের। ৯ দিন আগে তিনি বিদেশে চলে যান। বিয়ের পর থেকেই শাশুড়ি-বউয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার রাতে শ্বশুর ঘুমিয়ে যাওয়ার পর বউ-শাশুড়ি টিভি দেখছিলেন। এ সময় পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে শাশুড়িকে টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করেন আইরিন। পরবর্তীতে মুখে কাপড় ঠেস দিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃত্যু নিশ্চিত করার পর আইরিন তার শাশুড়ির মরদেহ ঘর থেকে টেনে বের বাথরুমে নিয়ে যান। সেখানে রক্তমাখা কাপড় পরিবর্তন করে মরদেহ গুমের চেষ্টা করেন। এ সময় তার শ্বশুর সোনামুদ্দিন বিশ্বাসের ঘুম ভেঙে যায়। তিনি সেখানে উপস্থিত হলে তাকেও ছুরিকাঘাত করেন আইরিন। পরে সোনামুদ্দিন চিৎকার করলে প্রতিবেশিরা এগিয়ে এসে আইরিনকে আটক করেন।

পুলিশ কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, “খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে  মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত আইরিন আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত হচ্ছে।”

   

About

Popular Links

x