ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রাহকের করা শতাধিক প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে মঞ্জুরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীম। তিনি সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন, মঞ্জুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা রয়েছে। মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির তথ্যমতে, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে আলেশা মার্ট নিবন্ধন পায় ২০২০ সালের ২৬ জুলাই। এরপর ২০২০ সালের ১০ নভেম্বর প্রতিষ্ঠানটি ঢাকার উত্তর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আলেশা মার্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০২১ সালের ৭ জানুয়ারি। এরপর কম মূল্যে মোটরসাইকেলসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সরবরাহের জন্য গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেয় প্রতিষ্ঠানটি।
তবে সিআইডির দাবি, অনেক গ্রাহককে তাদের পণ্য না দিয়ে কিংবা টাকা ফেরত না দিয়ে ই-কমার্স ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে টাকা পাচার (মানি লন্ডারিং) করে আসছিল প্রতিষ্ঠানটি।



‘অঙ্গ-প্রতিষ্ঠান থেকে ভর্তুকি নিয়ে চলে আলেশা মার্ট’
সরকারের কাছে ৩০০ কোটি টাকা সহায়তা চেয়েছে আলেশা মার্ট