দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে টানা চতুর্থ বার এবং সব মিলিয়ে পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন শেখ হাসিনা।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এরপর প্রধানমন্ত্রী শিখা অনির্বাণ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইয়ে সই করেন। শেখ হাসিনা সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও মন্ত্রী।
এর আগে, সকালে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা তাকে অভ্যর্থনা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি সশস্ত্র বাহিনী বিভাগের তার কার্যালয়ে যান। সেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।



