Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

খোঁজ মেলেনি ইঞ্জিন মাস্টারের, ফেরি উদ্ধারে আসছে ‘প্রত্যয়’

  • ফেরির চালকের সহকারী এখনও নিখোঁজ
  • বাল্কহেডের ধাক্কা দেখেননি ফেরিতে থাকা ট্রাকের চালকরা
  • নৌ পুলিশ বলছে, ডুবোচরে ধাক্কায় দুর্ঘটনা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনসহ রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় ইঞ্জিনের দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবিরের সন্ধান এখনও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। পদ্মায় তলিয়ে যাওয়া ফেরি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ “প্রত্যয়” আনা হচ্ছে।

নিখোঁজ হুমায়ুন কবির পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের আরিচা আঞ্চলিক কমিটির সভাপতি তিনি।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আনোয়ারুল হক জানান, সকালে তাদের ডুবুরিরা ঘটনাস্থলে এসেছেন। সকাল ১০টার দিকে নিখোঁজ ইঞ্জিন মাস্টারের সন্ধান চলছে। এছাড়া ঘটনাস্থলে ফেরির অবস্থান শনাক্ত করা হয়েছে।

এদিকে ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল আটটার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা জানান, উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা সম্ভব নয়। এজন্য নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে আনা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে উদ্ধারকারী জাহাজটি দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে বুধবার সকাল সোয়া ৮টার দিকে ফেরি ডুবির এ ঘটনা ঘটে।

এরপর আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। ঢাকার সিদ্দিক বাজার থেকে আরও একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যায়। যোগ দেয় নৌ বাহিনীর ডুবুরি দলও। ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়, কয়েকজন আগেই সাঁতরে তীরে ওঠেন। তবে ফেরির সেকেন্ড মাস্টার (চালকের সহকারী) হুমায়ুন কবিরের (৩৯) সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিতে ছোট-বড় ৯টি ট্রাক ছিল। ঘন কুয়াশায় রাত দেড়টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে ফেরিটি আটকে যায়। এ সময় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে। সকাল আটটার পরপরই ফেরিটি ডুবে যেতে থাকে। তখন যানবাহনের চালক, সহকারী ও ফেরিতে কর্মরত লোকজন দ্রুত নদীতে ঝাঁপ দেন।

ডুবে যাওয়া ফেরি থেকে বেঁচে যাওয়া ট্রাক চালকের মধ্যে অন্তত পাঁচজন বলছেন, ফেরিটিতে বাল্কহেডের কোনো ধাক্কার দৃশ্য দেখা কিংবা তার শব্দ তারা শোনেননি।

খবর পেয়ে সকাল ৯টার দিকে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দুপুর ১২টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে আসে। এরপর বেলা আড়াইটার দিকে এই জাহাজ দিয়ে ফেরিটি উদ্ধারকাজ শুরু করা হয়।

গতকাল বিকেল চারটার দিকে দুর্ঘটনাস্থলের উজান থেকে হামজা দিয়ে ডুবে যাওয়া মালবাহী একটি কাভার্ড ভ্যান ও একটি ট্রাক উদ্ধার করেন বিআইডব্লিউটিএর লোকজন। গাড়িটিকে রেকার দিয়ে টেনে পাটুরিয়ার ট্রাক টার্মিনালে নিয়ে রাখা হয়।

নৌ পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, “ফেরিটি দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে আসার পথে ডুবোচরে ধাক্কা লাগে। এতে ফেরির তলা ফুটো হয়ে গেলে পানি ঢুকতে থাকে। কুয়াশায় পথ দেখতে না পেয়ে পাটুরিয়া ঘাটের ২০০ থেকে ২৫০ গজ অদূরে রজনীগন্ধা ফেরিটি নোঙর করে। এরপর ধীরে ধীরে পানি ঢুকে সকাল ৮টার দিকে ৯টি ট্রাকসহ ফেরিটি ডুবে যায়। এ পর্যন্ত ডুবে যাওয়া ফেরি থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন এখনো নিখোঁজ।”

অবশ্য বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানিয়েছেন, নোঙর করে থাকা ফেরি রজনীগন্ধাকে বালুবাহী বাল্কহেড ধাক্কা দিয়ে চলে যায়। এতে ফেরিটি ডুবে যায়। তবে ঘন কুয়াশার কারণে ধাক্কা দেওয়া বাল্কহেডটি শনাক্ত করা যায়নি।

এদিকে ফেরি ডুবির ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীনকে প্রধান করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। আগামী সাতকার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আর বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মতিউর রহমান জানিয়েছেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি করেছেন।

ফেরির ডুবির খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) রেহেনা আকতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, “ঠিক কী কারণে ফেরিটি ডুবিছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

   

About

Popular Links

x