ই-কমার্স ও মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানে বিনিয়োগের পর প্রতারণার শিকার ও আটকে থাকা টাকা গ্রাহকরা কীভাবে ফেরত পাবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
“মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে-টু-ইউ” সংক্রান্ত এক শুনানিতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এমন প্রশ্ন তোলেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। শুনানির এক পর্যায়ে দুদকের আইনজীবীর কাছে আদালত জানতে চান, “ইউনিপে-টু-ইউ, ইভ্যালি, আলেশা মার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে থাকা টাকা গ্রাহকরা ফেরত পাবেন কীভাবে? গ্রাহকদের-তো টাকা ফেরত পেতে হবে।”
প্রসঙ্গত, বিভিন্ন ই-কমার্স ও এমএলএম প্রতিষ্ঠানে বিনিয়োগের পর প্রতারণার শিকার ও আটকে থাকা টাকা গ্রাহকরা না পেয়ে বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের টাকা ফেরানোর বিষয়ে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে আদেশ দিয়েছেন।



