Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভর্তি পরীক্ষায় অনৈতিক সুবিধা চেয়ে মন্ত্রীকে অভিভাবকের এসএমএস

শিক্ষামন্ত্রীর প্রশ্ন, আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম

এক শ্রেণির অভিভাবকদের নৈতিক অধঃপতনের বিষয়ে দুঃখপ্রকাশ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, “এ বছর আমি মোবাইলে অনেক মেসেজ পেয়েছি। কারো সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিছু কি করা যাবে? এমনকি রোল নম্বরও দিয়েছে।”

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী এদিন কেন্দ্র পরিদর্শনে না গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রিফিং করেন মন্ত্রী। সেখানে গত ১০ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রসঙ্গে টেনে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের এ ধরনের মানসিকতাকে “দুর্ভাগ্যজনক” আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী নওফেল বলেন, “আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে? যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে- সন্তানের রোল নম্বর এত, সে এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়েছে। আপনি কি কিছু করতে পারেন কি-না?”

প্রশ্নফাঁসের বিষয়ে নৈতিক অবস্থানে আপস না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, “এগুলো আমাদের জন্য লজ্জাজনক। অভিভাবক পর্যায়ে যদি এমন নৈতিক অধঃপতন হয়, তাহলে আমরা সন্তানদের কী শেখাব?”

এসএসসিতে প্রশ্নফাঁস প্রসঙ্গে নওফেল বলেন, “একটা গোষ্ঠী পরীক্ষার সময় সরকারের দক্ষতা প্রশ্নবিদ্ধ করতে রাজনৈতিক মানসিকতা থেকে অপপ্রপচার করে। আরেকটি গোষ্ঠী প্রতারণা করে, প্রশ্নফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে। অথচ প্রশ্নফাঁস হয়নি।”

এ বিষয়ে সরকার সজাগ দৃষ্টি রাখছে জানিয়ে মন্ত্রী বলেন, কেউ প্রশ্নফাঁস করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দেশব্যাপী ৩,৭০০ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১১টি শিক্ষাবোর্ড থেকে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। 

প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ বিষয়ের পরীক্ষা হয়।

   

About

Popular Links

x